রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, চলমান এ পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বিদেশ ভ্রমণের প্রতিবাদে মানববন্ধন করেছে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’।
এসময় ডেঙ্গু নিয়ন্ত্রণে মেয়র তাপস ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন তারা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সেখানে মেয়র তাপসের কুশপুতুল দাহ করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সঠিক কর্মপরিকল্পনার অভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বিশেষ করে তাদের অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে। এর মধ্যে ১ সেপ্টেম্বর মেয়র তাপস ২০ দিনের সফরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এর চেয়ে লজ্জা আর হতে পারে না। ঢাকাবাসী এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা মেয়রের পদত্যাগ দাবি করছি।
বংশালের বাসিন্দা নাসরিন সুলতানা বলেন, প্রধানমন্ত্রী আপনি আমাদের দিকে দৃষ্টি দিন। পুরান ঢাকার প্রতিটি ঘরে ঘরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আপনার মেয়র (তাপস) কাজ করছে না।
তিনি বলেন, উত্তর সিটির মেয়র (আতিকুল ইসলাম) যেভাবে কাজ করছেন, দক্ষিণের মেয়র সেভাবে কাজ করছেন না। আমরা তাকে নগরবাসীর প্রতি দৃষ্টি দেয়ার জোর দাবি জানাচ্ছি।
এদিকে গত ২৯ আগস্ট নগর ভবনের সামনে মেয়র তাপসকে ‘এডিসের লার্ভা উপহার কর্মসূচি’ করেন পুরান ঢাকার বাসিন্দারা। ওইদিনও ‘বিক্ষুব্ধ পুরান ঢাকার বাসিন্দারা’ ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়।